বৃহস্পতিবার বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এ.এন.এম হাই স্কুলের এক শিক্ষক সুমিত দাসের বিদায় অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, সুমিতবাবু দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরের সাথে যুক্ত ছিলেন। তার বহু দিনের ইচ্ছা ছিল যে তার স্কুল জীবনের শেষের দিনটি তিনি রক্তদানের মধ্য দিয়ে কাটাবেন। আর শিক্ষকের এই ইচ্ছে পূরণ করতে উদ্যোগী হল স্থানীয় একটি ক্লাব। সেই মতো এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারাও। এদিনের শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে।
এবিষয়ে শিক্ষক সুমিত দাস বলেন, জনগণের সেবার মধ্য দিয়ে তিনি তার জীবন কাটাতে চান। এই কারণে তার স্কুল জীবনের বিদায়ী অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি খুশি।